পাকিস্তান থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বাজারে অবৈধভাবে বিক্রির উদ্দেশে আনা বিভিন্ন স্কিনকেয়ার কসমেটিকস সামগ্রী ও দেশে তৈরি ভেজালযুক্ত কসমেটিকস উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালান চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- ইসতিয়াক হোসেন (৩৬)। রোববার (৯ নভেম্বর) রাতে চকবাজার থানার মুকিমকাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চকবাজার মডেল থানা জানায়, রোববার রাতে চকবাজার মডেল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মুকিমকাটারা এলাকার একটি বাসায় কতিপয় ব্যক্তি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল কসমেটিকস উৎপাদনসহ বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের টিম সেখানে অভিযান পরিচালনা করে ইসতিয়াক হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১৬ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা মূল্যের ২ হাজার ৮৬৪ পিস বিভিন্ন ব্র্যান্ডের স্কিনকেয়ার সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত ইসতিয়াক হোসেন দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা কসমেটিকস ও দেশে তৈরি ভেজাল কসমেটিকস উৎপাদনসহ বিক্রি করতো বলে জানা যায়। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নয়াশতাব্দী/এসআর