ঠাকুরগাঁওয়ে বিএনপিতে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী শতাধিক নারী ও পুরুষ।
মঙ্গলবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়ন বিএনপি আয়োজিত ‘নারী সমাবেশ ও মতবিনিময় সভায়’ দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করে সংগঠনের যোগ দেন তারা।
এ সভায় প্রধান অতিথি ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম।
শতাধিক নারী-পুরুষ বিএনপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা মহিলাদলের সভাপতি ফরাতুন নাহার। তিনি জানান, দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগ দিয়েছেন শতাধিক নারী ও পুরুষ।
এদিকে প্রধান অতিথির বক্তব্যে রাহাত আরা বেগম বলেন, আমি ভেবেছিলাম উঠান বৈঠক। কিন্তু এটি নারী সমাবেশে পরিণত করে ফেলেছেন আপনারা। সবাইকে ধন্যবাদ। আপনারা এ জেলায় এমন একজন মানুষকে পেয়েছেন যিনি কোনো দিন আপনাদের ছেড়ে যাননি। তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিজ পরিবারের মতো আপনাদের সঙ্গে থেকেছেন। আপনাদের সময় দিয়েছেন, তার বয়স হয়েছে। এবার আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। আপনাদের হতাশ হতে হবে না।
সভায় যোগ দেওয়া প্রতিমা রানী নামের এক নারী বলেন, আমাদের অঞ্চলের নারীদের কি কি সমস্যা রয়েছে সেসব বিষয় আলোচনা হয়েছে। পাশাপাশি ধানের শীষের প্রার্থীকে আহ্বান জানিয়েছেন রাহাত আরা বেগম। আমরা আনন্দের সঙ্গে বিষয়টি গ্রহণ করেছি। আশা করি আমাদের উদ্যোক্তা হতে তারা সুযোগ সৃষ্টি করে দিবেন।
নয়াশতাব্দী/এসআর