বাংলাদেশের বিনোদন অঙ্গনের এক বহুমাত্রিক মুখ শান্তা জাহান। মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা—সব পরিচয়ের মাঝেই তিনি খুঁজে পেয়েছেন নিজেকে, তবে উপস্থাপনাই তার সবচেয়ে প্রিয় জায়গা। কর্মজীবনের শুরু থেকে আজ পর্যন্ত তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন দক্ষতা ও ব্যক্তিত্বের মেলবন্ধনে। নিকেতনে একান্ত আলাপচারিতায় উঠে এলো তার অতীত, বর্তমান ও ভবিষ্যতের ভাবনা। সাক্ষাৎকার নিয়েছেন নিশক তারেক আজিজ। ছবি তুলেছেন আরিফ আহমেদ।
অভিনেত্রী না উপস্থাপিকা?
ডেফিনেটলি উপস্থাপিকা। অভিনয় তো আমার শখ, কিন্তু উপস্থাপনাটা আমার সাধনার জায়গা।
তবে শুরুটা হয়েছিল অভিনয়ের মধ্য দিয়েই। “অপেক্ষার ফটোগ্রাফি” নাটকের মাধ্যমে অভিনয়ে আসা, যদিও সেখানে আমি এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলাম। আসলে মিডিয়ায় আমার যাত্রা শুরু হয়েছিল সেখান থেকেই।
অর্থাৎ পরিচালনায়ও আগ্রহ আছে?
হ্যাঁ, ভবিষ্যতে সুযোগ পেলে আমি অবশ্যই পরিচালনা করতে চাই।
অনেক সময় কিছু কাজ নিজের মতো করে করার ইচ্ছা হয়, বা এমন কিছু চরিত্র থাকে যা করার স্বপ্ন থাকে। সেই জায়গা থেকেই আমার ডিরেকশনে আসার ইচ্ছে। আমি বিশ্বাস করি, একজন ভালো উপস্থাপক বা অভিনেতা একসময় ভালো পরিচালকও হতে পারেন, যদি পর্যবেক্ষণ ক্ষমতা থাকে।
চলচ্চিত্রে অভিনয়ের অফারও পেয়েছিলেন শুনেছি?
ঠিকই শুনেছেন। মোহাম্মদ হান্নান ভাইয়ের সুপার ডুপার হিট মুভি “পড়েনা চোখের পলক”-এ আমাকে অভিনয়ের অফার দেওয়া হয়েছিল।
তখন আমি স্কুলে পড়তাম। এক প্রোগ্রামে আমাকে দেখে হান্নান ভাই আর প্রডিউসার অফার করেছিলেন। কিন্তু তখন মানসিকভাবে আমি একদমই প্রস্তুত ছিলাম না, তাই সিনেমাটি করিনি।
এরকম হিট সিনেমায় কাজ না করায় এখন আফসোস হয় না?
সত্যি বলতে, সে সময় রঙিন দুনিয়ার প্রতি একটা আগ্রহ ছিল, কিন্তু এখন আমি নিজেকে ধন্যবাদ দিই—যে সেই বয়সেই সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলাম।
তখন বাংলাদেশের সিনেমায় অশ্লীলতার একটা ধারা চলে এসেছিল। আমি হয়তো দুই–তিনটা সিনেমা করতাম, তারপর হয়তো কাজ বন্ধ হয়ে যেত।
এন্ড অফ দ্যা ডে, আমি আজও যেভাবে কাজ করছি, যেটুকু করছি—দিস ইজ একচুয়ালি হোয়াট ওয়াজ প্ল্যানড।
এখনকার দিনে উপস্থাপনার মান কেমন দেখছেন?
উপস্থাপনা এখন অনেক বেশি ওপেন প্ল্যাটফর্মে চলে গেছে। অনেকে ক্যামেরার সামনে এসে কথা বলেন, কিন্তু কথার ভেতরের দায়বদ্ধতাটা যেন হারিয়ে ফেলছেন।
আমি মনে করি, উপস্থাপনা শুধু মাইক্রোফোনে কথা বলা নয়—এটা একধরনের ‘সোশ্যাল রেস্পসিবিলিটি’। দর্শক আপনাকে যেভাবে গ্রহণ করেন, সেটাই আসলে আপনার আসল পরিচয়।
ভবিষ্যতে দর্শকরা শান্তা জাহানকে কোন ভূমিকায় দেখতে পাবেন?
আমি এমন কাজ করতে চাই, যেটা আমার মতোই সত্য। হয়তো আবার অভিনয়ে ফিরব, তবে ভালো গল্পে, শক্ত চরিত্রে।
এবং একদিন হয়তো নিজেই নিজের গল্প পরিচালনা করব—যেখানে থাকবে জীবন, ভাবনা আর বাস্তবতার মিশ্রণ। কারণ সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্তই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।