২২ ফাল্গুন, ১৪৩২

০৬ মার্চ, ২০২৬

শাটডাউন অবসানে মার্কিন সেনেটে অর্থায়ন বিল পাস

শতাব্দী ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
শাটডাউন অবসানে মার্কিন সেনেটে অর্থায়ন বিল পাস

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন  রিপাবলিকান পার্টির সঙ্গে ডেমোক্রেটিক পার্টির একাংশের সমঝোতার পর সরকারের খরচ যোগাতে বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সেনেট। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, বিলটি পাশ হওয়ায় কয়েক দিনের মধ্যে ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান হতে পারে বলে।

ব্রিটিশ সংবাদমাধ্যম  বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে ৬০-৪০ ভোটে বিলটি পাস হয়। বিলটি অনুমোদনে দলের বিরোধিতা ভেঙে আসা আট ডেমোক্র্যাটের সঙ্গে যুক্ত হন প্রায় সব রিপাবলিকান। এ বিল জানুয়ারির শেষ পর্যন্ত সরকারের অর্থায়ন নিশ্চিত করবে। বিলটি এখন রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে যাবে।
 
পরিষদে রিপাবলিকানদের মাত্র দুই আসনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সে কারণে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। সেনেটে পাস হওয়া বিলটি ফেডারেল সরকারের বাজেটের মেয়াদ আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়াবে।

এখন প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলে তা আইনে রূপান্তর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করতে পারবেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এরইমেধ্যে ইঙ্গিত দিয়েছেন তিনি সই করতে প্রস্তুত আছেন।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ফেডারেল কর্মীদের কাজে ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সেবা পুনরায় চালু করার প্রশ্নে রিপাবলিকানদের সঙ্গে আলোচনায় বসে রোববার সমঝোতায় পৌঁছান ৮জন ডেমোক্র্যাট।রিপাবলিকান পার্টির কেবল একজন সেনেটর, কেন্টাকির র‌্যান্ড পল সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটদের সঙ্গে বিলটির বিপক্ষে ভোট দেন।

বিলটির খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রিপাবলিকান সেনেটর সুসান কলিন্স বলেন, ‘আমরা ফের সরকারকে সচল করতে যাচ্ছি, আমরা নিশ্চিত করব যে ফেডারেল কর্মীরা এখন তাদের অর্জিত ও প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন।’

টানা ৪১ দিনের শাটডাউনের পর বিলটি আলোর মুখ দেখল। এসময়ে যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে, লাখ লাখ ফেডারেল কর্মচারী বেতনহীন ছুটিতে যেতে বাধ্য হন এবং কোটি কোটি মানুষের খাদ্য সহায়তা হারানোর আশঙ্কা তৈরি হয়।

নয়াশতাব্দী/এসআর