২২ ফাল্গুন, ১৪৩২

০৬ মার্চ, ২০২৬

প্রকাশ পেল লালকেল্লা বিস্ফোরণের সন্দেহভাজন ব্যক্তির ছবি

শতাব্দী ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
প্রকাশ পেল লালকেল্লা বিস্ফোরণের সন্দেহভাজন ব্যক্তির ছবি

দিল্লির লালকেল্লা বিস্ফোরণের সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী ডাক্তার উমর মোহাম্মদের প্রথম ছবি প্রকাশ পেয়েছে। সাদা হুন্দাই আই২০ গাড়ি দিয়ে সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটানো হয়। ডাক্তার উমর সেই গাড়িটির মালিক ছিলেন। বিস্ফোরণের সময় গাড়িটি তিন ঘণ্টারও বেশি সময় লালকেল্লার কাছে পার্ক করা ছিল।

বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত এবং আরও ২০ জন আহত হন। মঙ্গলবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব খবর জানা যায়।

১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জন্মগ্রহণকারী উমর, আল ফালাহ মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ডা. আদিল আহমেদ রাঠের এবং ডা. মুজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ দল বিস্ফোরক দ্রব্য রাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই চিকিৎসককে গ্রেফতার করে। 
 
ড. উমর তার সহযোগীদের গ্রেফতারের খবর পেয়ে ফরিদাবাদ থেকে পালিয়ে যান। সূত্র জানায়, তিনি আতঙ্কিত হয়ে বিস্ফোরণ ঘটান। আরও দুই সহযোগীর সঙ্গে তার এই আক্রমণের পরিকল্পনা ছিল এবং গাড়িতে একটি ডেটোনেটর স্থাপন করেন তিনি। 

এর আগে বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে সিসিটিভি ভিডিওগুলোতে  লালকেল্লার কাছে বিস্ফোরণের সময় সাদা হুন্দাই আই২০ গাড়িটি দেখা যায়। গাড়িটি দুর্গের কাছে পার্কিং লটে তিন ঘণ্টারও বেশি সময় ধরে পার্ক করা ছিল। সেটি বিকেল ৩টা ১৯ মিনিটে প্রবেশ করে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বেরিয়ে যায়।
 
প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলায় ব্যবহৃত গাড়িটি একাধিকবার হাতবদল হয়। সূত্র অনুসারে, কয়েকবার হাতবদল হয়ে এটি উমরের কাছে পৌঁছায়।
 
এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের কয়েক মিনিট আগে এক মুখোশধারী ব্যক্তি হুন্দাই আই২০ গাড়ি চালিয়ে এগিয়ে আসছেন।

সূত্র জানায়, প্রায় এক মিনিটের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর হাত জানালায় রেখে গাড়িটি পার্কিং লটে প্রবেশ করছে।
 
সূত্র জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমারু গাড়িটি পার্ক করার সময় এক সেকেন্ডের জন্যও গাড়ি থেকে বের হয়নি। তারা জানিয়েছে, সে হয় কারও জন্য অপেক্ষা করছিল অথবা পার্কিং লটে নির্দেশের অপেক্ষা করছিল।
 
এদিকে, এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।  ফরেনসিক প্রমাণ এবং গোয়েন্দা তথ্যে সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্রের ইঙ্গিত পাওয়ার পর দিল্লি এবং নিকটবর্তী অন্যান্য রাজ্যগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 
 
সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণটি ঘটে। এতে ছিন্নভিন্ন দেহ এবং ভাঙা গাড়িগুলো ব্যস্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, মাটিতে পড়ে থাকা মৃতদেহ এবং ছিন্নভিন্ন দেহাবশেষ দেখা যায়।

 বিস্ফোরণের কিছুক্ষণ পরেই, বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী এলাকাটি ঘিরে ফেলে এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে বহনকারী অ্যাম্বুলেন্সগুলো নিকটবর্তী লোকনায়ক হাসপাতালে (এলএনজেপি) পৌঁছায়।

নয়াশতাব্দী/এনএ