২২ ফাল্গুন, ১৪৩২

০৬ মার্চ, ২০২৬

৫ ব্যাংক একত্রিত হয়ে নতুন নাম হচ্ছে "সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি”

শতাব্দী প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন
৫ ব্যাংক একত্রিত হয়ে নতুন নাম হচ্ছে "সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি”

পাঁচটি শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক -এর মার্জার বা একত্রীকরণ করে নতুন নাম দেয়া হচ্ছে "সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি”। বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। 

বর্তমানে মার্জার বা একত্রীকরণ কার্যক্রম চলমান থাকা ওই পাঁচ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংক জানায়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত "সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি” নামে একটি নতুন ব্যাংক স্থাপনের জন্য লাইসেন্স প্রদান বিষয়ক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

এলক্ষ্যে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সেপ্টেম্বর ৯, ২০২৫ তারিখের অফিস আদেশে উল্লিখিত পাঁচটি ব্যাংকের মার্জার কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগ) কর্মকর্তাদের সমন্বয়ে আহবায়কসহ ৮ (আট) সদস্য বিশিষ্ট একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন ডেপুটি গভর্নর আহবায়ক হিসেবে এবং ব্যাংকিং রেজল্যুশন ডিপার্টমেন্টের দুইজন অতিরিক্ত পরিচালক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।

তারই ধারাবাহিকতায়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত "সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি" নামে একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংকের নামের অনাপত্তি প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক-কে অনুরোধ জানানো হয়।

এতদ্প্রেক্ষিতে, উক্ত আবেদন পর্যালোচনার লক্ষ্যে বিআরপিডি-এর দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর মহোদয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট নির্বাহী পরিচালকগণকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের ডিভিশন-১-এর পরিচালক মহোদয় উক্ত কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে, কমিটির সুপারিশক্রমে এবং গভর্নরের অনুমোদনক্রমে প্রস্তাবিত নতুন ব্যাংক স্থাপনের লক্ষ্যে নামের অনাপত্তি/লেটার অব ইনটেন্ট প্রদানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদে একটি সার্কুলেশন জারির মাধ্যমে প্রস্তাবিত ব্যাংকের নামে অনাপত্তিপত্র/লেটার অব ইনটেন্ট প্রদানের বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত দেয়া হয়। 
ওই সিদ্ধান্তের প্রেক্ষিতেব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১-এর বিধানাবলি ও প্রযোজ্য অন্যান্য শর্তাবলি পরিপালনপূর্বক লাইসেন্স প্রাপ্তির লক্ষ্যে আবেদন করার জন্য প্রস্তাবিত ব্যাংকের চেয়ারম্যানকে পরামর্শ প্রদান করা হয় এবং "সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি," নামে ব্যাংক স্থাপনের অনাপত্তি প্রদান করা হয়।

এই প্রেক্ষাপটে, একত্রিত ৫ ব্যাংকের কার্যক্রম নতুন ব্যাংকের মাধ্যমে সফলভাবে পরিচালিত হবে মর্মে বাংলাদেশ ব্যাংক প্রত্যাশা করে বলে জানিয়েছে।

নয়াশতাব্দী/ইআর