বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে (৮৯) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হলেও চার-পাঁচ দিন ধরে তিনি সেখানে ভর্তি আছেন।
আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেবেন এই কিংবদন্তি অভিনেতা। এর আগে গত এপ্রিলে তাঁর এক চোখে কর্নিয়া প্রতিস্থাপন (গ্রাফটিং) করা হয়েছিল। সেই সময় হাসপাতাল থেকে বের হওয়ার একটি ভিডিওতে তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, “আমি শক্তিশালী, এখনো ধর্মেন্দ্রর মধ্যে অনেক দম আছে।”
ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা গেছে শহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে। তিনি পরবর্তীতে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার অভিনীত ‘ইক্কিস’ ছবিতে দেখা দেবেন, যা শ্রীরাম রাঘবন পরিচালিত এবং মুক্তি পাবে এ বছরের ডিসেম্বরে।
নয়াশতাব্দী/এনএ