অ্যামাজনের ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার ফলে বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক বিভ্রাট দেখা দেয়। এর ফলে এক হাজারেরও বেশি অ্যাপ ও ওয়েবসাইট কার্যক্রম বন্ধ হয়ে যায় ডাউনডিটেকটর নামে জনপ্রিয় সেবা নজরদারি সংস্থা জানিয়েছে, এই বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে প্রায় ৬৫ লাখের বেশি অভিযোগ জমা পড়েছে।
অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) জানিয়েছে, তারা এই বিভ্রাটের মূল কারণ খুঁজে বের করে এর সমাধানে কাজ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, সোমবার সকালে অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং পরিষেবার বড় ধরনের বিঘ্নের কারণে বিশ্বব্যাপী শতাধিক প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায়। এতে স্ন্যাপচ্যাট, জুম, ডুয়োলিঙ্কো, ক্যানভাসসহ অনেক ব্যাংকের ওয়েবসাইট ও অ্যাপেও সমস্যা দেখা দেয়।
অ্যামাজন জানিয়েছে, তারা উত্তর ভার্জিনিয়ায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের মূল কেন্দ্রস্থলে ঘটে যাওয়া সমস্যার সমাধান করেছে এবং পরিষেবাগুলো দ্রুত পুনরুদ্ধার হচ্ছে। তবে, প্রযুক্তিবিদরা মনে করছেন, এই বিশাল বিভ্রাটের পরিমাণ ও এর প্রভাব দেখিয়ে ইন্টারনেট নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ, তা আবারও স্পষ্ট হয়েছে।
বিশ্বব্যাপী ব্যাংকিং খাতেও এর প্রভাব পড়েছে। হ্যালিফ্যাক্স, লয়েডস, ব্যাংক অফ স্কটল্যান্ড সহ বিভিন্ন ব্যাংক তাদের পরিষেবায় সমস্যা মুখোমুখি হয়েছে। অনেক গ্রাহক অভিযোগ করেছেন, কার্ড ব্যবহার করতে পারছেন না।
এডব্লিউএস বা অ্যামাজনের ক্লাউড বিভাগটি হল বড় ধরনের কোম্পানি ও ওয়েবসাইটের জন্য মূল ভিত্তি, যেখানে লাখো প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও পরিষেবা চালায়। এই বিভ্রাটের ফলে বোঝা গেল, একক নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ।
নয়াশতাব্দী/ইআর